সিরাজগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ব্যবসায়ীর ২২১ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে পুলিশের চার কনস্টেবলসহ ছয়জনকে আটক করা হয়েছে।
এরা হলেন- কনস্টেবল ওয়াসিম হোসেন ওরফে ওয়াসিম বাবু, শাহনেওয়াজ ওরফে সুমন, রাজু আহম্মেদ, গোলাম রব্বানী এবং বগুড়া সদরের শাখাবাড়িয়া গ্রামের আতাউর রহমান ও ঠেঙ্গামারা দক্ষিণপাড়ার দৌলতজাহান।
সিরাজগঞ্জ ডিবি পুলিশ শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জ ও বগুড়ায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে। শনিবার বিকেল ৫টায় তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, গত ২৪ জুন ভোর পৌনে ৫টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী একটি বাস রায়গঞ্জ উপজেলার হাইওয়ে ভিলায় (খাবার হোটেল) যাত্রা বিরতি করে।
এ সময় তিনজন পোশাকে এবং একজন সাদা পোশাক পরিহিত পুলিশের কনস্টেবল বগুড়ার স্বর্ণ ব্যবসায়ী রায়হান আলীকে জোর করে বাস থেকে নামিয়ে সিএনজি অটোরিক্সায় তুলে তার কাছ থেকে ২২১ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে তাকে শেরপুর এলাকায় ফেলে রেখে চলে যায়।
এ ঘটনার পর থেকে রায়হান আলী পুলিশ সদস্যদের চিহ্নিত করতে অনুসন্ধান চালাতে থাকে। একজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার বিকেলে রায়গঞ্জ থানায় তিনি ছিনতাই মামলা করেন।
মামলা দায়েরের পর চিহ্নিত পুলিশ কনস্টেবল ওয়াসিমা হোসেনকে সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তিন কনস্টেবলকে পুলিশ লাইন এবং অন্য দুই জনকে বগুড়া থেকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/পিডি/০০২২ ঘ.
bdnews24