ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক (মিশুক) মুনীরের মৃত্যু মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের পরিচিতরা।
শনিবার সন্ধ্যায় তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছার পর কান্নায় ভেঙে পড়েন এ দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।
নাট্যকার মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি এ ঘটনা বিশ্বাস করতে পারছি না। একের পর এক এ ধরণের মৃত্যু আমাদেরকে ভারী করে দিচ্ছে। আমরা অসুস্থ হয়ে যাচ্ছি।
"এরা দু'জনই আমার খুব কাছের মানুষ ছিলেন। দেশে বিদেশের কত স্মৃতি আজ এক হয়ে ধরা দিচ্ছে। আমি আর ভাবতে পারছি না।"
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ সাংবাদিকদের বলেন, "আমি মুক্তিযোদ্ধা হিসাবে এদেশের সাংস্কৃতিক অঙ্গনে যা করতে পারিনি, সেটা করেছেন এই দুই বরেণ্য ব্যক্তিত্ব। তারা এক্ষেত্রে জাতির মুক্তির আন্দোলন করেছেন।"
দুই মাধ্যমের দুই ব্যক্তিত্বের মৃত্যুতে শোকার্তদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাসহ অনেকেই। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক গীতি আরা নাসরিন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, রোকেয়া প্রাচী, মানজারে হাসিন মুরাদ, আফসানা মিমি, শিমুল ইউসুফ, জয়ন্ত চট্টোপ্যাধ্যায়, মনিরা মোরসেদ মুন্নী, সাজেদুল আওয়াল, ফাহমিদুল হকসহ অসংখ্য মানুষ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, "এরা দুইজন আমাদের জাতিকে বিশ্বের কাছে পরিচিত করে দেয়। এ ধরণের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেন ভবিষ্যতে এ রকম প্রতিভা আর অকালে হারিয়ে না যায়।"
"এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ট্রাফিক সিস্টেমকে রেগুলেট এবং আইনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।"
মাহবুব উল আলম হানিফ বলেন, "এ ঘটনায় আমরা মর্মাহত। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। অনেক সময় চালকদের অসচেতনতায় এ ধরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কে দায়ী তা খুঁজে বের করা হবে এবং দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।"
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও আশফাক মুনীরসহ পাঁচজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালে পৌঁছে।
সন্ধ্যা সাড়ে ৬টার পর তিনটি অ্যাম্বুলেন্সে করে তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে। রাত সাড়ে ৮টার দিকে মিশুক মুনীর ও তারেক মাসুদের মরদেহ তাদের বাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩৩৩ ঘ.
bdnews24