২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের 'বন্দুকযুদ্ধে' নিহত তিনজনের পরিচয় মিলেছে

রাজধানীর উত্তরায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সুরুজ মিয়া (২২), মোহাম্মদ হাসান, (২৩) ও মোহাম্মদ মোস্তফা (২৫)। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে তাদের লাশ শনাক্ত করেন স্বজনরা। র‌্যাব কর্তৃপক্ষ বাকি দুজনের পরিচয় জানাতে পারেনি। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৮টার পর উত্তরার ১৩ নম্বর সেক্টরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় র‌্যাব অভিযান চালালে গোলাগুলিতে নিহত হন ওই পাঁচজন। শনিবার সকালে ঢাকা মেডিকেলের মর্গে সুরুজ মিয়ার (২২) মৃতদেহ শনাক্ত করেন তার খালাতো ভাই কাওসার হামিদ। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, ঘটনার সময় পুলিশ যে গাড়িটি আটক করেছে সেটি সুরুজের। ওই গাড়ি তিনি ভাড়ায় চালাতেন। "শুক্রবার সন্ধ্যায় আমি সুরুজের সঙ্গেই ইফতার করি। ফোনে কেউ একজন ওর গাড়ি ভাড়া নিতে চায়। পরে আমাকে আবদুল্লাহপুরে নামিয়ে দিয়ে ট্রিপ দিতে চলে যায়।" কাওসার হামিদ জানান, রাতে টেলিভিশনে খবর দেখে তারা হাসপাতালে এসেছেন। সুরুজের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও দাবি করেন তিনি। নিহত হাসানের বড় ভাই নুরুন্নবী জানান, হাসান বেকার ছিলেন। মাঝেমধ্যে চাচাতো ভাই তানুর দোকারে বসতেন। শুক্রবার ইফতারের আগে ওই দোকান থেকে বেরিয়ে আর ফেরেননি। র‌্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মোস্তফার বাড়ি টঙ্গীর আরিচপুরে। তিনি কুটির শিল্পের কাজ করতেন বলে সাংবাদিকদের জানান তার ভাই শহীদুল ইসলাম। তিনিও মোস্তফাকে নির্দোষ বলে দাবি করেন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, উত্তরার ১৩ নম্বর সেক্টরের সেনারগাঁও জনপদের ১ নম্বর রোডের মাথায় জড়ো হয়ে কয়েকজন যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে র‌্যব সদস্যরা জায়গাটি ঘিরে ফেলে। এ সময় ছিনতাইকারীরা গুলি ছুড়তে শুরু করলে র‌্যাব সদস্যরাও পাল্টা জবাব দেয়। এর পরপরই ছিনতাইকারী দলের আরো কয়েকজন সদস্য একটি প্রাইভেট কারে করে সেখানে এসে গুলি ছুড়তে শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় বলে দাবি করেন সোহায়েল। তিনি বলেন, ঘটনার পর চারজনের লাশ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় আরেকজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে ইমরান হোসেন ও সাইদুল ইসলাম নমের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এই দুই জনকে নিয়ে রাতে র‌্যাব-১ সদর দফতরে সংবাদ সম্মেলনও করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১৫১ ঘ.