ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকে শ্রমবাজার যাচাইয়ে চলতি মাসে দেশটি সফরে যাচ্ছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আগামী ১৯ অগাস্ট সফরে যাবে বলে জানান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে চেক প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।
তিনি বলেন, "আমরা ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির প্রস্তাব পাঠিয়েছিলাম। তিনি এ বিষয়ে আন্তরিক আগ্রহ দেখিয়েছেন। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন সফরের পর ইরাকে বাংলাদেশের শ্রমবাজার তৈরি হবে।"
বর্তমান সরকার প্রবাসী শ্রমিকদের বিষয়ে যথেষ্ট আন্তরিক উল্লেখ করে জাফর আহমেদ খান বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক স্থাপন করেছে। এর পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে।
তবে বিভিন্ন সময়ে শ্রমিকদের বেতনভাতা যথাযথভাবে না দেওয়া, অবৈধ ছাঁটাই ইত্যাদি বিষয়ে বিদেশে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের নেতিবাচক ভূমিকা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২১৪১ ঘ.
bdnews24