ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মীরা রাজধানীর বিজয়নগর ও রমনা এলাকায় মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া র্যাব দুজনকে হিযবুত তাহরীর সন্দেহে ২৬ লাখ টাকাসহ আটক করেছে।
পুলিশ জানায়, 'বর্তমান সরকারের অপসারণ, কুরআনের শাসন প্রতিষ্ঠা, খেলাফত ব্যবস্থার' দাবিতে হিযবুত তাহরীর মুক্তাঙ্গনে শনিবার দুপুর ১২টায় সমাবেশ এবং মিছিল কর্মসূচি ঘোষণা করে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু হঠাৎ করে বেলা ১টার দিকে মুক্তাঙ্গন বাদ দিয়ে বিজয়নগরে পানির ট্যাংকির কাছে একটি গলি থেকে হিযবুত তাহরীর সদস্যরা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। এরা হলেন- মো. বদি শফিক, মনিরুল ইসলাম পিয়াস, জামিলুর রহমান, সাব্বির আহমেদ, শাহাবুদ্দিন, শরীফ শাহ মিরাজ, আসিক রহমান, সৈয়দ জাহিম আবদুল্লাহ, সায়েদুল ইসলাম, আহমেদ নিজাম, সাফায়েত উল্লাহ, হাবিবুর রহমান, মো. ফয়সল ও আশিকুর রহমান।
এসআই রিফকুল জানান, এ সময় তাদের ইটপাটকেলের আঘাতে পুলিশের মতিঝিল অঞ্চলের পেট্রোল পরিদর্শক হাজ্জাজ হোসেন এবং পল্টন থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন আহত হন।
পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং সরকারি কাজি বাধা ও পুলিশকে মারধরের অভিযোগে পৃথক দুইটি মামলা হবে।
রমনা এলাকা থেকে সংগঠনটির আরো দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি জানান, তোপখানা সড়কে কয়েকজন যুবক বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে পুলিশ তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে। এরা হলেন জাহিদউদ্দিন মিলন এবং জাহিদুল ইসলাম।
হিযবুত তাহরীরের পক্ষ থেকে আগেই রাজধানীতে পোস্টার লাগিয়ে এবং লিফলেট বিতরণ করে শনিবার মুক্তাঙ্গনে সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেওয়া হয়েছিল।
এদিকে র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্টন এলাকা থেকে লিটন এবং স্বপন নামে যে দুইজনকে আটক করা হয়েছে তারা আদৌ হিযবুত তাহরীর সদস্য কি না তা বিকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া তাদের কাছ থেকে পাওয়া প্রায় ২৬ লাখ টাকার বৈধতা নিয়ে যাচাই করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/পিডি/১৮২৫ ঘ.
bdnews24