২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

এক স্থানে একই সময়ে সভা ডাকায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৪৪ ধারা জারি সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

সুনামগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে সভা ডাকায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৪৪ ধারা জারি সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। শনিবার বিকাল ৩টায় উপজেলার পাইকর হাটি ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা যুবলীগ কর্মী সমাবেশ ডাকে। ওই স্থানে একই সময়ে জাতীয় তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি প্রতিবাদ সভার ঘোষণা দেয়। ফলে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন জানান। তিনি জানান, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই স্থানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তেল গ্যাস ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সুনামগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক রহমান মিজান জানান, এক সপ্তাহ আগে প্রশাসনের অনুমতি নিয়ে ওই মাঠে সভা করার ঘোষণা দেওয়া হয়। ধর্মপাশা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পাইকর হাটি ইউনিয়ন পরিষদ মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এই আন্দোলনের অন্যতম সংগঠক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বিডিনিউজকে বলেন, "পাইকুর হাটিতে সমাবেশের জন্য এক সপ্তাহ আগেই অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু গেল ২/৩ দিন ধরেই স্থানীয় ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা জাতীয় কমিটির আয়োজকদের সমাবেশ না করার জন্য হুমকি দিতে থাকে।" "সবশেষে শনিবার সকালে আমরা জানতে পারি ১৫ অগাস্ট উদযাপন প্রস্তুতির জন্য স্থানীয় যুবলীগ একই জায়গায় সমাবেশের ডাক দেওয়ায় পুলিশ ওখানে ১৪৪ ধারা জারি করেছে।" স্থানীয় এমপির লোকজন বিকাল ৫টার দিকে বাদশাগঞ্জে আয়োজিত সমাবেশে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জোনায়েদ। ঘটনার প্রেক্ষিতে রোববার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডেকেছে জাতীয় কমিটি। দেশের চলতি গ্যাস এবং বিদ্যুৎ ঘাটতি পূরণে সরকারি প্রতিষ্ঠান বাপেক্স ও পেট্রোবাংলা আবিষ্কৃত সুনেত্রসহ (সুনামগঞ্জ-নেত্রকোনা) অন্যান্য বন্ধ গ্যাসকূপগুলো থেকে অবিলম্বে গ্যাস উত্তোলন, চালু গ্যাসকূপগুলো থেকে উৎপাদন বাড়ানো, পিএসসি-২০০৮ ও সমুদ্রের গ্যা অনুসন্ধানে করা চুক্তি বাতিল এবং জাতীয় সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাশ ও তা কার্যকর করার দাবিতে বৃহত্তর আন্দোলনের জন্য দেশব্যাপী প্রচারের অংশ হিসাবে শনিবার বিকালে এই সমাবেশ হওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএমআর/আরএ/পিডি/২১৪৯ ঘ.