মৌলভীবাজার, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাপের কামড়ে মারা যাওয়ার ৩২ ঘণ্টা পর অবশেষে শিশু ছাদিকুরের মরদেহ দাফন করা হয়েছে। তাকে 'বাঁচিয়ে তোলার' চেষ্টা ব্যর্থ হওয়ায় শুক্রবার সন্ধ্যায় সদলবলে গা ঢাকা দিয়েছেন ওঝা আব্দুর রহমান।
মৌলভীবাজারের কূলাউড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের আট বছরের ছেলে ছাদিকুরকে বৃহস্পতিবার দুপুরে সাপে কাটে। চিকিৎসকরা মৃত ঘোষণা করার পরও তাকে বাঁচিয়ে তোলার নামে ঝারফুঁক শুরু করেন আব্দুর রহমান ও তার সহযোগীরা। তার 'কেরামতি' দেখতে শত শত লোক ভিড় করেন মালিকের বাড়িতে।
শুক্রবার দুপুরে হোসেনপুরে গিয়ে দেখা যায়, মৃত শিশুটিকে নিয়ে একটি সোফায় বসে আছেন তার বাবা আব্দুল মালিক। পাশের টেবিলে জ্বলছে মোমবাতি, আগরবাতি। টেবিলের ওপর বাটিতে দুধ-কলা। আর সোফা ঘিরে খোল-করতাল নিয়ে অবিরাম কীর্তন করে যাচ্ছে ওঝার কয়েকজন শিষ্য। পাশে থেকে ওঝা আব্দুর রহমান মাঝে মাঝেই হাঁক ছাড়ছেন- 'মা মনসা', 'মা মনসা'।
বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে তৎপর হয় পুলিশ প্রশাসন। 'বিপদ' আঁচ করতে পেরে শুক্রবার সন্ধ্যায় শিষ্যদের নিয়ে এলাকা ছাড়েন ওঝা।
কুলাউড়া থানার ওসি মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৮ টার দিকে ছাদিকুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ওঝা আব্দুর রহমান তার দলবল নিয়ে সন্ধ্যার পর পালিয়ে গেছে। পুলিশ তাকে খুঁজছে।"
আব্দুল মালিক জানান, বৃহস্পতিবার দুপুরে তার বড় ছেলে ছাদিকুরকে সাপে (স্থানীয় ভাষায় আঠালি সাপ) কাটে। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে স্থানীয় মুসলিম এইড হাসপাতাল এবং পরে লক্ষীপুর মিশনে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শিশুটি মারা গেছে।
ছাদিকুরকে সাপে কাটার খবর ছড়িয়ে পড়লে পাশের উপজেলা বড়লেখার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে ওঝা আব্দুর রহমান তার দলবল নিয়ে হাজির হন আব্দুল মালিকের বাড়িতে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হয় তার 'কেরামতি'। আর সন্তানকে ফিরে পাওয়ার আশায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লাশ কোলে নিয়ে বসে থাকেন মালিক।
কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক অমিতাভ দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, 'ঝাড়-ফুঁক' সামাজিক কুসংস্কার। চিকিৎসকরা যেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেছেন, সেখানে এসব করা অর্থহীন।
শুক্রবার দুপুরে আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছিলেন, এ ধরনের অনেক 'রোগীই' তিনি ভালো করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৪০ ঘ.
bdnews24