চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীকে থাপড় মারার জের ধরে চট্টগ্রামের কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্যকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর কাজির দেউড়ি মোড় এলাকায় অ্যাপোলো শপিং সেন্টারে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ওই পুলিশ সদস্যদর বিচার দাবিতে মূল ফটকে অবস্থান নেয়।
অ্যাপোলো শপিং সেন্টারের নিচতলায় 'সাজ ফুলঘর' নামে একটি দোকানের মালিক মো. কামাল উদ্দিন জানান, কিছুদিন আগে মহিউদ্দিন নামে এক ব্যক্তি তার দোকান থেকে ৪৫ হাজার টাকার ফুল কিনেন। এর মধ্যে দশ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা দিচ্ছিলেন না। টাকার জন্য বেশ কিছুদিন ধরে ফোন করার পর শুক্রবার মহিউদ্দিন আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানে গিয়ে টাকা না দিয়ে উল্টো দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
"কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাকে মারতে উদ্যত হলে কর্মচারীদের লাঠির আঘাতে মহিউদ্দিনের সহযোগী খোরশেদ আহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম ও অন্য দুই কনস্টেবল এসে মহিউদ্দিনের পক্ষ নিয়ে আমাকে থাপড় মারে।"
ঘটনার পর তিন পুলিশ সদস্যকে আটক করে মূল ফটকে অবস্থান নেয় বিক্ষুব্ধ দোকান মালিক ও কর্মচারীরা।
কামাল উদ্দিন জানান, কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিকাল সাড়ে ৪টার দিকে ওই ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে পুলিশ সদস্যদের ছাড়িয়ে নেন।
পরে ওসি আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। এলাকায় টহলের দায়িত্বে থাকা ওই পুলিশ সদস্যরা আমার নির্দেশেই ঘটনাস্থলে গিয়েছিলেন।"
ব্যবসায়ীকে লাঞ্ছিত করার বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএইচ/এএল/২১৫৪ ঘ.
bdnews24