ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পাঁচ সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার পর উত্তরার ১৩ নম্বর সেক্টরের সেনারগাঁও জনপদ এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, কয়েকজন ছিনতাইকারী সেনারগাঁও জনপদের ১ নম্বর রোডের মাথায় দেলোয়ার হোসেন কাজীর চায়ের দোকানের সামনে জড়ো হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে র্যাব ১ এর উপ পরিচালক নিশাদউল ইসালাম খানের নেতৃত্বে জায়গাটি ঘিরে ফেলা হয়।
এ সময় এক ছিনতাইকারী পিস্তল বের করে গুলি চালালে র্যাব সদস্যরা পাল্টা জবাব দেয়। এর পরপরই একটি প্রাইভেট কারে করে ছিনতাইকারীদের আরেকটি দল সেখানে উপস্থিত হয় এবং র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে বলে সোহায়েল জানান। দুই পক্ষের মধ্যে আধা ঘণ্টার বেশি সময় বন্দুকযুদ্ধ চলে।
তিনি জানান, ঘটনার পর চারজনের লাশ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় আরেকজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে দুই জনের নাম সবুজ ও হাসান। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানাতে পারেনি র্যাব। এছাড়া ইমরান হোসেন ও সাইদুল ইসলাম নমের দুইজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে সাইদুল ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, আবদুল্লাহপুর কোটবাড়ি এলাকা থেকে হাসান তাকে ছিনতাই করার জন্য উত্তরায় নিয়ে আসে।
র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, দুটি পিস্তল, একটি পাইপগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
এই 'অপারেশনে' পুলিশও যোগ দিয়েছে বলে সোহায়েল দাবি করলেও উত্তরা থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শেষের দিকে এসেছি। গোলাগুলিতে অংশ নেইনি। পাঁচটি মৃতদেহ আমরা ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।"
গ্রেপ্তার হওয়া ইমরান ও সাইদুল এবং চায়ের দোকানদার দেলোয়ার হোসেনকে নিয়ে রাত পৌনে ১২ টায় উত্তরা র্যাব-১ সদর দফতরে সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় সাইদুল দাবি করেন, তিনি আবদুল্লাহপুর-যাত্রাবাড়ী ১১ নম্বর রুটে বাসের হেল্পার হিসেবে কাজ করেন। আর ইমরান জানান, তার বাড়ি টঙ্গীর আরিফপুরে। তিনি একটি কাঠের দোকানের কর্মচারী।
তাদের দাবি, হাসান তাদের ছিনতাই করার কথা বলে সোনারগাঁও জনপদ এলাকায় নিয়ে এসেছিল।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, তিনি ইফতারের ঘণ্টাখানেক পর উত্তরা নর্থ টাওয়ারের কাছে যান। সেখানে সাইদুলও ছিলেন। তাদের দুজনকে প্রাইভেট কারে তুলে নেয় হাসান। এছাড়া গাড়িতে আরো দুজন ছিল। হাসান ছিলন সামনে, চালকের পাশের সিটে।
"গাড়ি ১ নম্বর রোড ধরে খালের পাড়ে যাওয়ার সময় র্যাব থামার সংকেত দেয়। ড্রাইভার সংকেত না মেনে ডানে টার্ন করে। এ সময় সামনে বসা হাসান পিস্তল বের করে গুলি করে।"
র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে চালকসহ তিনজন গুলিবিদ্ধ হয় বলে ইমরান সাংবাদিকদের জানান।
চায়ের দোকানদার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক এসে এক ডিব্বা চা আর কেক নিয়ে দোকানের পিছনে চলে যায়। একটু পর সেখানে ধস্তাধস্তি গোলাগুলি শুরু হয়ে যায়।"
এর পরপরই সেখানে আরেকটি গাড়ি আসলে আবার র্যাবের সঙ্গে গোলাগুলি চলে বলে জানান তিনি।
হাসান ছাড়া অন্যদের কাউকে চেনেন না বলে দাবি করেন ইমরান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল সংবাদ সম্মেলনে বলেন, "হাসানই এই দলটির নেতা। টঙ্গী এলাকায় বাস্তুহারা হাসান নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসী আছে। এই হাসান সে কি না- তা খতিয়ে দেখা হবে।"
গোলাগুলি শুরুর পর ছিনতাইকারী দলের আরো কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
দেলোয়ার চায়ের দোকানের কাছে ওয়েসিস নামে একটি ভবনের দারোয়ান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ভেতর থেকে গোলাগুলির শব্দ শুনছি। তবে কারা গোলাগুলি করছে বুঝতে পারি নাই।"
১ নম্বর রোডের শেষ মাথায় খালের পাড়ে ৮৩ নম্বর বাড়ির দারোয়ান আইয়ুব আলী (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় তিনি নামাজ পড়ছিলেন। গুলির শব্দ শুনে ডাকাত পড়েছে মনে করে তাড়াতাড়ি বাড়ির গেটে আসেন। পরে বুঝতে পারেন, বাইরে গোলাগুলি হচ্ছে।
কতোক্ষণ গুলি চলে জানতে চাইলে তিনি বলেন, "১৫-২০টা গুলির শব্দ শুনছি।"
এলাকাটিকে 'ছিনতাই স্পট' হিসেবে উল্লেখ করে আইয়ুব বলেন, "আমি ৫ বছর ধরে এই এলাকায় কাজ করি। খালের মাথায় অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/২১৩৭ ঘ.
bdnews24