সিলেট, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে নগরীর মুন্সিপাড়া এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওই এলাকা। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানালে তারা ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। এ সময় তারা শুক্রবার বেলা ১২টার মধ্যে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ে বিদ্যুৎ না পেয়ে দুপুর দেড়টা থেকে কয়েকশ লোক রিকাবীবাজার-মেডিকেল সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। বিকেল ৩টার দিকে পুলিশ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যুৎ বিভাগের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসান জানান, বিদ্যুতের দাবিতে এলাকবাসী সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২০২৯ ঘ.
bdnews24