২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের কোচ হতে পারেন জিকো

বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ইরাকি ফুটবল দলের দায়িত্ব ব্রাজিলের জিকোর হাতে তুলে দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ইরাকি ফুটবল দলের দায়িত্ব ব্রাজিলের জিকোর হাতে তুলে দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। রিও ডি জেনিরো থেকে জিকো রয়টার্সকে বলেন, ভাই ইদুর মাধ্যমে ইরাকি ফুটবল কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। ইদু মধ্যপ্রাচ্যে কাজ করছেন। এরই মধ্যে তিনি জিকোকে জানিয়েছেন যে, প্রস্তাবটি মন্দ নয়। বেশ ভালো। বাছাই পর্বের এশিয়া অঞ্চলের তৃতীয় পর্বে উঠেছে ইরাক। এই পর্বের খেলা শুরু হবে ২ সেপ্টেম্বর। আর 'এ' গ্র"পে দেশটির সঙ্গে রয়েছে জর্ডান, চীন ও সিঙ্গাপুর। জিকো কোচের দায়িত্ব নিলে ইরাকি ফুটবলের ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৭ সালে এশিয়া কাপ জেতার পর থেকে দেশটির ফুটবলের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপে জাপান দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জিকো। ইরাকি ফুটবল ফেডারেশনের কর্মকর্তা কামেল জেগিয়ার বলেন, জিকোর সঙ্গে চুক্তি করতে ফেডারেশন বদ্ধপরিকর। প্রাথমিক যোগাযোগের কথা স্বীকার করে ৫৮ বছর বয়সী জিকো বলেন, তিনি ইরাকি ফুটবল দল নিয়ে কাজ করতে রাজি আছেন। তবে ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। জেগিয়ার বলেন, মাঠে উপস্থিত থেকে জিকো রোববার ইরাকি ফুটবল লিগের একটি খেলা দেখবেন। মাত্র চার মাস দায়িত্ব পালন করার পর ফ্ল্যামেঙ্গো ক্লাবের ফুটবল পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান জিকো। ক্লাবের ভেতরের দ্বন্দ্বের কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে বলে তিনি জানান। তবে দ্বন্দ্ব সম্পর্কে কোনো মন্তব্য তিনি করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৬ ঘ.