নড়াইল, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত কন্যা নীহারবালা (৭৫) শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
নীহারবালার ভাই দুলাল সাহা শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বোন দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বুকে ব্যাথা শুরু হলে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা দুলালকে জানিয়েছেন, নীহারবালার অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন।
সত্তরের দশকে স্বামী হরিপদ দাসের আকষ্মিক মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে এক অসহায় অবস্থার মধ্যে পড়েন নীহারবালা। শিল্পী সুলতান তখন তাকে আশ্রয় দেন পালিত কন্যা হিসেবে। এই শিল্পীর শেষ দিনগুলো পর্যন্ত তার সেবা করে গেছেন এই নারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪৬ ঘ.
bdnews24