নওগাঁ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামইরহাটে মাদক উদ্ধার অভিযানের সময় আতঙ্কে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হলে এলাকাবাসী পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ধরে পিটুনি দেয়। দেড় ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তাকে উদ্ধার করে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
গ্রামবাসী জানায়, পুলিশের একটি দল দুপুরে গ্রামের আতিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় আতঙ্কে আতিকুলের শতবর্ষী নানী আমেনা বেগম হৃদরোগে আক্রন্ত হয়ে মারা যান।
কিন্তু গ্রামে ছড়িয়ে পড়ে পুলিশের ধাক্কায় আমেনার মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী পুলিশের উপর চড়াও হয়। এ সময় তারা ধামইরহাট থানার এএসআই নজরুল ইসলামকে (৪০) মারধর করে আটক করে রাখে।
নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমেরুজ্জামান জানান, পরে আরো পলিশ পাঠিয়ে নজরুলকে উদ্ধার করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি টিয়ার শেল নিক্ষেপ করে।
আহত নজরুলকে প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমনার মৃত্যু নিয়ে তার ছেলে মফিজ উদ্দিন, সমীরসহ পরিবারের কারো কোনো অভিযোগ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০২০০ ঘ.
bdnews24