ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ নিতে সেখানকার চাকরিদাতা প্রতিষ্ঠানের অধীনে নিবন্ধন করার জন্য বাংলাদেশি কর্মীদের পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'মালয়েশিয়া সরকারের দেওয়া বৈধকরণ কর্মসূচির আওতায় দেশটিতে কর্মরত অবৈধ বাংলাদেশি কর্মীদের স্বেচ্ছায় অথবা কারো প্ররোচনায় চাকরিদাতা কোম্পানির নাম ছাড়া নিবন্ধন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।'
ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া তিন লাখ বাংলাদেশিকে নতুন করে বৈধতা দেওয়ার প্রক্রিয়া গত জুলাই মাসে শুরু হয়। এর প্রথম ধাপে সেখানে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা ১১ থেকে ২৪ জুলাই মালয়েশিয়ার অভিবাসন কার্যালয়ে গিয়ে নাম নিবন্ধন করেন।
এর পরের ধাপগুলোতে তাদের ছবি ও আঙুলের ছাপ এবং মালয়েশিয়ায় তাদের নিয়োগকর্তার অনুমোদনপত্র নথিভুক্ত করা হবে। এরপর নতুন করে ওয়ার্কপারমিট দেওয়া হবে তাদের। নিবন্ধনের পর তাদের যাবতীয় তথ্য মালয়েশিয়ার জাতীয় বায়োমেট্রিক সিস্টেমে গ্রন্থিত করার পর নিবন্ধন সনদ পাবেন এই শ্রমিকরা।
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে কোনো 'সমস্যা' দেখা দিলে অথবা পর্যাপ্ত কাজের সুযোগ না থাকলে কোম্পানির নাম ছাড়া নিবন্ধিত কর্মীরা দেশে ফিরে আসতে বাধ্য হবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখায় সরাসরি অথবা ০০৬-০৩-২১৪১৯৫২৮, ২১৪১৭৭২০ ও ২১৪৮৭৯৪০ নম্বরে টেলিফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৭ লাখ বাংলাদেশি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২০৪০ ঘ.
bdnews24