ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে রাজধানীর যাত্রাবাড়িতে তিনটি কারখানায় অভিযান চালিয়ে দুটি সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার যাত্রাবাড়ির শনির আখড়া বাগানবাড়ির ইবনে সিনা ফুড ইন্ডাস্ট্রিজ এবং ইসলামিক ফার্মাসিটিক্যাল পাবলিক লিমিটেডকে জরিমানা করে সিলগালা করে দেন র্যাবের ম্যাজিস্ট্রেট এএইচ এম আনোয়ার পাশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ইবনে সিনার কারখানায় যেয়ে দেখা যায় একই স্থানে সাবান ও সেমাই উৎপাদন এবং প্যাকেটজাত করা হচ্ছে। আর ইসলামিক ফার্মাসিটিক্যালস পানি উৎপাদন করে কিন্তু তাদের পানি বিশুদ্ধকরণের কোন ব্যবস্থা নেই।
একইসঙ্গে এই দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।
এদিকে যাত্রাবাড়ির মুসলিমাবাদে ইভানা ফুডস লিমিটেড এর কারখানায় দেখা যায় মেঝেতে বসে নোংরা পরিবেশে গ্লুকোজ তৈরি করা হচ্ছে।
পাশা জানান, গত এক বছরে তিন বার একই আদালত এই প্রতিষ্ঠানটিতে যায় এবং তাদের অবস্থার উন্নতি না হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালাও করা হয়। কিন্তু রমজান মাসকে পুঁজি করে আবার তারা ব্যবসা শুরু করে।
পাশা বলেন, একই অপরাধ বার বার করায় এই প্রতিষ্ঠানের মালিক মো. কামাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯৫৫ ঘ.
bdnews24