২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ওষুধ চুরির অভিযোগে তিন কর্মকর্তাকে শোকজ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ চুরি করে বাইরে বিক্রির অভিযোগে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে (শোকজ) স্বাস্থ্য দপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

নাটোর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ চুরি করে বাইরে বিক্রির অভিযোগে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে (শোকজ) স্বাস্থ্য দপ্তর। বুধবার সকালে তাদের কাছে এই আদেশ পৌঁছে। অভিযুক্তদের তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুল গণি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামে সরকারি ওষুধ কেনার অভিযোগে স্থানীয় লোকজন এমদাদুল হক নামের এক ওষুধ ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। "পুলিশ তার কাছ থেকে নয়শ' পিস সরকারি ওষুধ উদ্ধার করে। এমদাদুল হক জানান, এসব ওষুধ বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট নাজমুল হকের কাছ থেকে তিনি কিনেছেন", বলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। ভারপ্রাপ্ত সিভল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্তের জন্য ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পঙ্কজ কুমারকে দায়িত্ব দেন। তদন্ত শেষে তিনি ফার্মাসিস্ট নাজমুল হক, ফার্মাসিস্ট ইন চার্জ মাহাতাব আলী সরকার ও স্টোর কিপার আফতাব উদ্দিনের সম্পৃক্ততা পান। পরে তাদেরকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। সিভিল সার্জন জানান, অভিযুক্তরা কারণ দর্শানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬১৫ ঘ.