ঝিনাইদহ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দেওয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক শিশু।
মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদের (১০) বাবার নাম মহিতুল ইসলাম। আহতের নাম বৃষ্টি।
শিশু দুটির পরিবার হাসপাতালের সীমানা প্রাচীরের বাইরে নদীর পাড়ে ঝুপড়ি ঘরে বাস করতো বলে পুলিশ জানায়।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে হাসপাতালের সীমানা প্রাচীরের বাইরের দেওয়ালের পাশে কয়েকজন শিশু খেলা করছিল।
বৃষ্টিতে দেওয়াল ধসে শিশু দুটি চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/০১৩৫ ঘ.
bdnews24