ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরিয়ানির জন্য ভোক্তাদের কাছে জনপ্রিয় প্রতিষ্ঠান ফখরুদ্দিন ফুডসের প্রধান শাখাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নোংরা পরিবেশে খাবার তৈরি, পরিবেশন ও বিক্রয়ের দায়ে রাজধানীর বেইলি রোডে হাজি ফখরুদ্দিন বাবুর্চির প্রতিষ্ঠান ফখরুদ্দিন ফুডস'কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব মো. বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
র্যাব-৩ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার জাররার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভেজালবিরোধী অভিযান দলটি ফখরুদ্দিন ফুডসে গিয়ে দেখতে পায় নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। হালিম, তেহারি, বিরানিসহ ইফতারির জন্য যে সব খাবার তৈরি করা হচ্ছিলো তাও রাখা হয়েছে নোংরা পাত্রে।
আলু বোখারার বস্তা থেকে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো বলেও জানান তিনি।
জাররার হোসেন বলেন, "সামগ্রিক অবস্থা বিবেচনা করে খাওয়ার অযোগ্য মালামাল জব্দ এবং প্রতিষ্ঠানটির মালিক ফখরুদ্দিন বাবুর্চির ছেলে মো. রফিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।"
এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে নিজেকে ওই শাখার ব্যবস্থাপক পরিচয়দানকারী মো. বাবুল বলেন, "সাধারণত আলু বোখারা কয়েকদিন রেখে দিলে তা থেকে পানি বের হয়। এ কারণেই খানিকটা নষ্ট হয়ে গিয়েছিলো। আমরা এগুলো ধুয়ে তারপর রান্না করি।"
তিনি জানান, রাজধানীতে ফখরুদ্দিন ফুডসের মোট পাঁচটি এবং চট্টগ্রামে একটি শাখা রয়েছে।
রোববার চট্টগ্রামে পুরনো সবজি রাখা এবং খাবারের পুষ্টিমাণ উল্লেখ না থাকায় কেনটাকি ফ্রায়েড চিকেন (কেএফসি) এবং আঙ্গুর ও কিসমিসে ক্ষতিকারক ফরমালিন ব্যবহার ও অতিরিক্ত দাম রাখার কারণে সোমবার জরিমানা করা হয় চেইন শপ মীনা বাজারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/এএল/১৮৪৭ ঘ.
bdnews24