চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজিটেবল ঘি'কে গাওয়া ঘি হিসেবে বাজারজাত করায় একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গ্রেপ্তার এবং ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট কাজী আব্দুর রহমান এ আদালত পরিচালনা করেন।
'ডানোফা গাওয়া ঘি ফ্যাক্টরী' নামের এই প্রতিষ্ঠানটি চট্টগ্রামের বায়েজীদ থানাধীন বিসিক শিল্প এলাকায় অবস্থিত।
সকাল ১০টায় শুরু হয়ে ৩টা পর্যন্ত এ অভিযানে র্যাব-৭ ও বিএসটিআই এর প্রতিনিধি দল সহযোগিতা করে।
ম্যাজিস্ট্রেট কাজী আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই আদালত পূর্ব নাছিরাবাদ শিল্প এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে 'বনফুল এন্ড কোং'কে পাঁচ হাজার টাকা জরিমানা করে।
এদিকে একই সময়ে জেলা প্রশাসন ও বিএসটিআই'র অন্য একটি যৌথ দল নগরীর কোতয়ালি থানাধীন বিভিন্ন এলাকায়ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ, পরিবেশন, মোড়কে মেয়াদ ও মূল্য লেখা না থাকার অভিযোগে এ আদালত তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে।
এ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, ফিরিঙ্গি বাজারের 'মিষ্টি মেলা ফুড প্রোডাক্ট'কে ৫০ হাজার, চরচাক্তাই এলাকার 'বাপ্পি এন্ড জান্নাত ফুডস প্রোডাক্ট'কে ৪০ হাজার এবং খাতুনগঞ্জ মোল্লা মার্কেটের 'ডায়মন্ড স্পেশাল লাচ্ছা সেমাই'কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ ও র্যাব আদলতকে সহায়তা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএম/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24