ঠাকুরগাঁও, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সোমবার ঠাকুরগাঁওয়ের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন জেলা শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা ও বেতার শিল্পী নুরে আলম উজ্জ্বল।
বিচারক জুলফিকার আলী মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ঠাকুরগাঁও থানার ওসিকে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, আদালতের আদেশ হাতে পাওয়ার পর তিনি তদন্ত শুরু করবেন।
মামলায় অভিযোগ করা হয়, আনোয়ার হোসেন মৃধা ঠাকুরগাঁও বেতার কেন্দ্রে আঞ্চলিক পরিচালক হিসেবে যোগদান করার পর বিভিন্ন সময়ে শিল্পীদের অনুষ্ঠান রেকডিং ও প্রচার না করে ভুয়া বিল তৈরি করে অর্থ আত্মসাৎ করে আসছেন।
গত মে মাসেও তিনি ২৬৪ জন শিল্পীর সম্মানী ভাতার তিনলাখ ৩৫ হাজার ৫০৭ টাকার একটি ভুয়া বিল জেলা হিসাবরক্ষণ অফিসে জমা দেন।
বাদী জানান, গত ৬ মাসে তিনি বাংলাদেশ বেতারের কোনো অনুষ্ঠানে অংশ নেননি। বিলের কোনো কাগজে স্বাক্ষরও করেননি। অথচ জেলা হিসাবরক্ষণ অফিসে দাখিল করা বিলে তার স্বাক্ষর করা কাগজও রয়েছে।
তিনি তার ওই স্বাক্ষর আঞ্চলিক পরিচালক অর্থ আত্মসাতের উদ্দেশ্যে জাল করেছেন বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৭ ঘ.
bdnews24