২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে স্কুলছাত্র ও গৃহবধু নিহত

যশোরে সন্ত্রাসী হামলায় এক স্কুল ছাত্র এবং ডাকাতের প্রহারে এক গৃহবধু নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

যশোর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে সন্ত্রাসী হামলায় এক স্কুল ছাত্র এবং ডাকাতের প্রহারে এক গৃহবধু নিহত হয়েছেন। বোববার রাতে শহরের শংকরপুর এলাকায় ও অভয়নগর উপজেলার শুভড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহরের শংকরপুর এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে হৃদয় (১৬) এবং অভয়নগর উপজেলার শুভড়া গ্রামের সুনীল সাহার স্ত্রী কবিতা রাণী (৩২)। হৃদয় শংকরপুর প্যাডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ছিলো। কোতয়ালি থানার ওসি ইমদাদুল শেখ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যার পর শহরের শংকরপুর এলাকায় হৃদয়ের বাড়িতে হামলা চালায় ১২ থেকে ১৩ জন সন্ত্রাসী। তারা হৃদয়ের মাকে বেধে রেখে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে আঘাত করে। রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে সে মারা যায়। হৃদয়কে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে ভাঁড়াটে কিলার ষষ্টিতলাপাড়ার হাস সোহেল, শংকরপুর এলাকার মামুন ও তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। যশোর 'খ' সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত থেকে আট জনের এক দল ডাকাত রাত সাড়ে ৯টার দিকে সুনীল সাহার বাড়িতে ঢুকে তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মালামাল লুট করে। এ সময় কবিতা রাণী চিৎকার করলে ডাকাতরা তাকেও বেধড়ক প্রহার করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৮৩১ ঘ.