২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ভরসা মোবাইল!

চোরে চুরি করে নিয়ে গেছে মাটির নীচে থাকা টেলিফোন লাইনের তার (কপার ক্যাবল)। তাই এখন মোবাইল টেলিফোনে যোগাযোগ রক্ষা করে মৌলভীবাজারের দুটি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

মৌলভীবাজার, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোরে চুরি করে নিয়ে গেছে মাটির নীচে থাকা টেলিফোন লাইনের তার (কপার ক্যাবল)। তাই এখন মোবাইল টেলিফোনে যোগাযোগ রক্ষা করে মৌলভীবাজারের দুটি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক আগস্ট টেলিফোনের তার চুরি যাওয়ার পর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ও ভানুগাছ রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন চলছে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে। সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথের এ দুটি স্টেশনের মধ্যবর্তী স্থানে মাটির নিচ থেকে 'কপার ক্যাবল' চুরি যাওয়ার পর রেলওয়ের টেলিযোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার বিকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুটি স্টেশনের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করে ট্রেন চালানো হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগকে তা মেরামতের জন্য জানানো হয়েছে বলেও তিনি জানান। টেলিফোনের তার চুরির ঘটনার ২ অগাস্ট শ্রীমঙ্গল রেল স্টেশনের টেলিকমিউনিকেশন মেইনটেইনার (টিসিএম) দেব দুলাল সরকার রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা করেন। শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি মো. ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পহেলা অগাস্ট রাত সোয়া ২টার দিকে শমসেরনগর ও ভানুগাছ স্টেশনের মধ্যবর্তী রেলপথের ৩০৬/৮-১০ নং পিলার এলাকায় মাটির নীচে থাকা টেলিফোন লাইনের ৮৭ মিটার 'কপার কেবল' চুরি হয়। এরপর থেকেই এ রেলপথে টেলিযোগাযোগ বন্ধ রয়েছে। চোরদের ধরতে তৎপরতা চালানো হচ্ছে। রেল লাইনের পাহারাদাররা এ কাজে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে জিআরপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮১০ ঘ.