নোয়াখালী, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিন পুলিশ সদস্যর পর এবার কোম্পানীগঞ্জ থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) হারুনুর রশীদ হাজারী সোমবার জানান, দায়িত্বে অবহেলার কারণে ওসি মো. রফিক উল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশের চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি মো. নওশের আলী সকালে রফিককে বরখাস্তের নির্দেশ দেন। তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একই অভিযোগে রোববার একই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম শেখ, কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ২৭ জুলাই উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় জন নিহত হয়। এর মধ্যে এক জন হলেন শামছুদ্দিন মিলন।
মিলনের মা চর ফকিরা গ্রামের কহিনুর বেগম দাবি করছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ডাকাত সাজিয়ে মারা হয়েছে।
এ ঘটনায় তিনি বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও এক নারী সদস্যের স্বামীকে আসামি করে গত ৩ অগাস্ট হত্যামামলা করেন।
গণপিটুনিতে ছয় জনের নিহত হওয়া এবং ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় পুলিশ বাদি হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করে।
bdnews24