২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

হবিগঞ্জের মাধবপুরে সোমবার সকালে যাত্রীবাহী বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়িতে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে পিকআপ চালকসহ দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

হবিগঞ্জ/গাইবান্ধা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুরে সোমবার সকালে যাত্রীবাহী বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়িতে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে পিকআপ চালকসহ দুই জন। মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের কাছে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হাবিলদার তছলিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী মাছবোঝাই কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়ে গাড়ি দুটি রাস্তার পাশে খাদের পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই কভার্ড ভ্যানের তিন আরোহী নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছে ১০ বাস যাত্রী। তাদের মাধবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ডে সকাল সাড়ে ৬টার দিকে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত চার জন। নিহতরা হলেন- পিকআপ চালক শুকুর আলী (৪৫)। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার দারুলাপুর বনগাঁ গ্রামে। একই উপজেলার আম ব্যবসায়ী খড়গাছা মিয়াপাড়ার মো. কামরুজ্জামান (৪৭)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ দেলওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী থেকে রংপুরগামী আমবোঝাই একটি পিকআপ পলাশবাড়ি উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার আম ব্যবসায়ী মশিউর রহমান (৫০) ও নুরুন্নবী (৪৮)। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পলাশবাড়ি থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩২৩ ঘ.