ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগের শুনানিতে সোমবার এক প্রশ্নে তিন বারই একই জবাব দেওয়ায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ভর্ৎসনা করেছে হাইকোর্ট। পুনর্বার আদালত অবমাননা হতে পারে বলে আদালত সতর্ক করলে অবশ্য জবাব পাল্টান জামায়াত নেতা।
আদালত অবমাননার অভিযোগে আজহারুল ইসলামের বক্তব্যের বিষয়ে সোমবার শুনানির পর মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ।
আজহার এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করেছেন, মঙ্গলবার সে বিষয়ে আদেশ হবে।
হাইকোর্টের তলবে সোমবার আদালতে হাজির হন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ওহিদুজ্জামান চানের করা এক রিট আবেদনে হাইকোর্ট গত ২৫ জুলাই তাকে তলব করা হয়।
গত ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে আজহার বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তার এ বক্তব্য ধরেই আদালত অবমাননার এ আবেদন।
শুনানির এক পর্যায়ে জামায়াত নেতার বক্তব্য শুনতে চায় আদালত। এ সময় আজহার ডায়াসের সামনে এসে বলেন, "আমি আইনজীবী নিয়োগ করেছি। আমার পক্ষ থেকে তিনিই কথা বলবেন।
আদালত তিন বার তাকে একই কথা জিজ্ঞেস করলে তিন বারই একই কথা বলেন তিনি।
তখন আদালত বলে, "আমরা আপনার বক্তব্য শুনতে চেয়েছি। আমাদের কথার জবাব না দিলে দ্বিতীয়বার আদালত অবমাননা হবে।"
এরপর আজহার বলেন, "আমার বক্তব্য ছিলো সরকারের বিরুদ্ধে। আদালতের বিরুদ্ধে নয়। যদি আমার বক্তব্যে আদালতের সম্মানহানি হয়ে থাকে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।"
সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করার পর সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়।
আজহারুল বলেন, তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের দুটি অংশ ছিলো। সরকার একটি মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কিন্তু আরো যে দুটি সংসদ নির্বাচন এ পদ্ধতির অধীনে করার কথা বলা হয়েছে, তা মানা হয়নি।
রিট আবেদনকারী অহিদুজ্জামান আদালতে বলেন, জামায়াত নেতা সংবাদ সম্মেলনে আদালত ও সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিচার বিভাগকে অসম্মান করেছেন। তার বক্তব্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে।
শুনানিতে আজহারুলের পক্ষে তার কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, "রিট ক্ষমতায় এ কোর্টের আদালত অবমাননার রুল জারির এখতিয়ার নেই। এই আদালত কোন বিষয়ে শুনতে পারবেন, আর কোন বিষয়ে শুনতে পারবেন না, তা প্রধান বিচারপতি নির্ধারণ করে দিয়েছে।"
তিনি বলেন, "এই মামলার আবেদনকারী রিট হিসাবে আদালতে আবেদন দাখিল করলেও তিনি আদালত অবমাননার রুল প্রার্থনা করেছেন। সে অনুযায়ী আদালতও রুল দিয়েছে। এটি একটি সাংঘাতিক ভ্রমাত্মক আদেশ। অন্যদিকে রিটেও আদালত অবমাননার আদেশ দেওয়া যায় না।"
এরপর রাজ্জাক আদেশ প্রত্যাহার করতে ওই বেঞ্চের প্রতি আবেদন করেন।
রাজ্জাকের বক্তব্য চলাকালে আদালত তাকে বলেন, "আপনার মক্কেল কোন আদালত তা স্পষ্ট করেননি। তাই এতে সাধারণভাবে সব আদালতকে বোঝানো হয়। এক্ষেত্রে এ বেঞ্চে দুই বিচারপতিকেও বোঝানো হতে পারে।
"আমাদের সহজাত ক্ষমতা আছে। যদি কারো বক্তব্যে আদালতের ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে তা যে কোনো আদালতেরই দেখার অধিকার রয়েছে।"
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "আদালত যথাযথভাবে রুল জারি করেছেন। যার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, তিনি একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল। অথচ তিনি যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ও আদালত অবমাননার শামিল।"
এ ক্ষেত্রে পুলিশের মামলা করা উচিত ছিলো- এ মন্তব্য করে তিনি বলেন, "কিন্তু পুলিশ মামলা না করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিষয়টি আদালতের নজরে এনেছেন। সেটা যে আকারেই হোক, সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখতে আদালত পদক্ষেপ নিতে পারে। তাই আদালত রুল জারি করে ভুল করেননি।"
রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, "জামায়াত নেতা আদালতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আদালতের প্রতি অসম্মান দেখিয়েছেন। এর মাধ্যমে তিনি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তার বক্তব্যে বোঝানো হয়েছে, সুপ্রিমকোর্ট সরকারের নির্দেশে চলছে।"
এ জন্য আজহারুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯১০ ঘ.
bdnews24