২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সমর্থকদের ছাড়াই দেড় ঘণ্টা 'সমঝোতা বৈঠক'

সরকার সমর্থক জ্যেষ্ঠ আইনজীবীরা যোগ না দেওয়ায় দেড় ঘণ্টা আলোচনা চালিয়ে সোমবার দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 'সমঝোতা বৈঠক'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক জ্যেষ্ঠ আইনজীবীরা যোগ না দেওয়ায় দেড় ঘণ্টা আলোচনা চালিয়ে সোমবার দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 'সমঝোতা বৈঠক'। এজলাসে হট্টগোলের ঘটনার মীমাংসার জন্য রোববার দুপুরের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এই আলোচনা শুরু হয়। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ছাড়া সরকার সমর্থক কোনো জ্যেষ্ঠ আইনজীবী এতে যোগ দেননি। তাদের অনুপস্থিতিতেই ঘণ্টা দেড়েক বৈঠক চালানোর পর তা মুলতবি ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, "বারের অনেক জ্যেষ্ঠ সদস্য বৈঠকে আসেননি। তাদের নিয়ে আলোচনা করতেই বৈঠক মুলতবি করা হয়েছে।" বার সভাপতি বলেন, "আলোচনা চলবে, এর মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে। প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও আলোচনা হবে।" সংবিধান নিয়ে কটুক্তির অভিযোগে ২ অগাস্ট ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানিতে খালেদা জিয়ার নাম এলে সরকার ও বিরোধী দলপন্থী আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। ওই ঘটনায় বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। হাইকোর্ট রুল জারি করে তাদের আইন পেশা থেকে বিরত থাকারও নির্দেশ দেয়। এদের মধ্যে ১৩ আইনজীবীদের পক্ষে ৪ অগাস্ট হাইকোর্টে জামিন চাওয়া হলে একটি বেঞ্চ জামিন আবেদনের শুনানিতে বিব্রত বোধ করে। এর কয়েক ঘণ্টার মধ্যে সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক এস এম জলিলের অভিযোগ, ৪ অগাস্ট বিকেলে তিনি মামলার তদন্তের কাজে হাইকোর্টের এনেক্স ভবনে গেলে বিরোধী দল সমর্থক আইনজীবীরা তাকে মারধর করেন। এ ঘটনায় রাতেই হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন জলিল। তাদের জামিন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হলে আইনজীবী সমিতির সভাপতির পক্ষ থেকে সরকার 'সমঝোতার' উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবেই রোববার সমিতির সদস্যদের নিয়ে এই বৈঠক ডাকেন খন্দকার মাহবুব। বৈঠক শুরুর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "ওই দিনের বিশৃঙ্খলার ঘটনায় আমরা কোনো পক্ষ নই। তবে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সদস্য হিসাবে আমন্ত্রণ পেয়েছি।" বৈঠকে যোগদানকারী অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, "আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য হিসাবে আমন্ত্রণ পেয়ে এসেছি। আমি কোনো পক্ষের প্রতিনিধিত্ব করি না।" আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ছাড়াও ব্যরিস্টার মঈনুল হোসেন, এবিএম নুরুল ইসলাম, জয়নুল আবেদীন, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিঞা, খান সাইফুর রহমান, ব্যরিস্টার আব্দুর রাজ্জাক, আবদুল ওয়াহাব, শাহ খসরুজ্জামান, আব্দুর রেজাক খান, এজে মোহাম্মদ আলী, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, ব্যরিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম, সাইদুর রহমান ও ব্যারিস্টার আমিনুল হক বৈঠকে উপস্থিত ছিলেন। এই আইনজীবীদের অনেকেই বিএনপি ও জামায়াতের রাজনীতিতে সক্রিয়। বাকিরা 'বিএনপি সমর্থক' হিসাবে পরিচিত। বৈঠক শেষে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, "আমরা উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে, কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের ভাবমূর্তি নষ্ট করা যাবে না।" বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুব অভিযোগ করেন, "অনেক সময় বিভিন্ন মহল থেকে উস্কানি দেওয়া হয়। সেদিন আমরা বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে অনুরোধ করেছিলাম- আপনি রুলের বাইরে গিয়ে কোনো আদেশ দেবেন না। তারপরও তিনি অপ্রাসঙ্গিকভাবে বিরোধীদলীয় নেতাকে নিয়ে কটাক্ষ করেছেন।" "আমরা একমত হয়েছি যে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের কোনোভাবেই পুলিশি নির্যাতনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। সমঝোতার ভিত্তিতে সম্মানজনকভাবে এর সমাধান করা হবে," যোগ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, "এখানে দুটি দিক রয়েছে। একটি হচ্ছে আদালত অবমাননার রুল। অন্যটি পুলিশের মামলা। দুটো বিষয় নিয়েই আলোচনা হয়েছে।" দুই মামলার আসামি আইনজীবীরা এ বৈঠকে অংশ না নিলেও বৈঠকের সময় তাদের কয়েকজনকে কক্ষের আশেপাশেই দেখা যায়। এদের মধ্যে হট্টগোলের মামলায় ১০ জন এবং নাজেহালের মামলায় ৮ জনের জামিন আবেদনের ওপর রোববার শুনানি হয়েছে। সোমবার এ বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২১২১ ঘ.