ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নিহত ছাত্রের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সাগুফতা গ্রুপকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সাগুফতার ব্যবস্থাপনা পরিচালক খালেদ মোহাম্মদ জুয়েল মোল্লা এবং পরিচালক ওয়ালিদ মোহাম্মদ মোল্লাকে রোববার এ নির্দেশ দেয় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ।
এ ঘটনায় দায়ের করা মামলাটি আইন অনুযায়ী চলবে বলে জানিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সোমবার সাগুফতা গ্র"পের আইনজীবী আনিসুল হককে ঘটনার আদ্যপান্ত হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের পর আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পোলিও রোগী হওয়ার কারণে ব্যবস্থাপনা পরিচালককে সোমবারের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। তবে পরিচালককে আসতে হবে।
রোববার আদালতে শেরে বাংলা নগর ও পল্লবী থানার ওসি, শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক অজিত রায় ও আনোয়ার আলী, সহকারী ঠিকাদার ওসমান আলী উপস্থিত ছিলেন।
সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
সাগুফতা গ্র"পের প্রকল্প সাগুফতা ডি খান নামে এক ভবন থেকে ইট পড়ে গত ১৬ জুলাই মারা যান তেজগাঁও কলেজের ছাত্র হাবিবুর রহমান মুন্না (১৮)। ঘটনাটি নজরে এলে হাইকোর্ট সাগুফতার শীর্ষ কর্মকর্তাদের তলব করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24