নোয়াখালী, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।
অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মাহবুবুর রশীদকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুনুর রশীদ হাজারী রোববার সাংবাদিকদের জানান, দায়িত্বে অবহেলার কারণে তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম শেখ, কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমা।
গত ২৭ জুলাই উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় জন নিহত হয়। এর মধ্যে এক জন হলেন শামছুদ্দিন মিলন।
মিলনের মা চর ফকিরা গ্রামের কহিনুর বেগম দাবি করছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ডাকাত সাজিয়ে মারা হয়েছে।
এ ঘটনায় তিনি বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও এক নারী সদস্যের স্বামীকে আসামি করে গত ৩ অগাস্ট হত্যামামলা করেন।
কহিনুর বলেন, মিলন জমি রেজিস্ট্রির জন্য বাড়ি থেকে ১৪ হাজার টাকা নিয়ে বসুরহাট যাচ্ছিলেন। পথে চর কাকড়া বেপারী স্কুলের ঘাটলায় তার খালাতো বোনের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলো। তখন স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও নারী সদস্য ফেরদৌস আরা বেগম মায়ার স্বামী মিজানুর রহমান আটক করে মিলনকে। তারা মিলনের পরিচয় নিশ্চিত হওয়ার পরও তাকে বেধড়ক পিটিয়ে আহত অবস্থায় পুলিশে দেয়।
মামলায় বলা হয়, এরপর পুলিশ মিলনের চিকিৎসার ব্যবস্থা কিংবা তাকে থানা হেফাজতে না নিয়ে টেকের বাজারের পাশের তিন রাস্তার মোড়ে আহত অবস্থায় ফেলে যায়। সেখানে লোকজনের পিটুনিতে মিলন মারা যাওয়ার পর পুলিশ তার লাশ থানায় নিয়ে অন্য পাঁচ ডাকাতের সঙ্গে রাখে।
কহিনুর অভিযোগ করেন, পুলিশ তার ছেলেকে বাঁচানোর কোনো চেষ্টা না করে তার মৃত্যুর পর নিজ দায়িত্বে লাশ দাফন করে।
এ ঘটনার এক সপ্তাহ আগে রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় যুবক নিহত হয়। পরে জানা যায়, তারা সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24