২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাস খাদে পড়ে নিহত ২

ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আনুমানিক ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আনুমানিক ২০ জন। সাভারের নবীনগর থেকে টঙ্গীর আবদুল্লাহপুরমুখী বাসটি রোববার সকাল সাড়ে ১০টার দিকে কামারপাড়া রাজবাড়ি তালতলা এলাকায় দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রিপন (২৮)। নিহত অন্য যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তুরাগ থানার উপপরিদর্শক মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২টার দিকে বাসটি উদ্ধার করা হয়েছে। এতে দুই যাত্রীর মৃতদেহ পাওয়া যায়। তিনি জানান, আহতদের মধ্যে সাত জনকে পাশের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। হাসপাতালে ভর্তি আহতরা হলেন- হালিমা (৩৫), পারুল (২৪), মুরাদ (২৬), আব্দুল আলিম (৩০), নুরুল হাকিম (৫৫), আলমাস (২৮) এবং আজিজুল হক (৩০)। আহতরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল্লাহপুর আসার জন্য তারা কেউ নবীনগর কেউ বাইপাল থেকে গাড়িতে উঠেন। আহতরা জানান, বিপরীত থেকে দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে তাদের বাসের ধাক্কা লাগে। এতে তাদের বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। যাত্রীদের এই অভিযোগের বিষয়ে উপপরিদর্শক মহিউদ্দিন বলেন, বিপরীতমুখী বাসটি চিহ্নিত করা যায়নি। তাছাড়া দুর্ঘটনাকবলিত বাসটির চালককেও পাওয়া যায়নি। অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটির অর্ধেক পানির নিচে ডুবে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.