ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত কক্ষে আইনজীবীদের হট্টগোলের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সঙ্কট সমাধানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তৎপর হয়ে উঠেছে।
সমিতির সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল শনিবার সাবেক ১০ জন সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন।
ব্যারিস্টার বাদল এই বৈঠক শেষে বিকালে সাংবাদিকদের বলেন, রোববার জ্যেষ্ঠ আইনজীবীরা আলোচনায় বসবেন। এ আলোচনায় যোগ দেওয়ার জন্য সমিতির সাবেক সব সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবীদের নতুন করে আমন্ত্রণ জানানো হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবীদের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যাতে আর কোন আইনজীবীকে গ্রেপ্তার করা না হয় সে ব্যাপারে উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এই সঙ্কট নিয়ে দুই পক্ষের আইনজীবীদের সমঝোতার জন্য প্রস্তাব দেন। এ নিয়ে আইনজীবীদেরকে চিঠিও পাঠানো হয়। কিন্তু সেই চিঠির ভাষা নিয়ে আপত্তি তোলেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।
শনিবার দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্টের উত্তর হলে এক সংবাদ সম্মেলনে তারা চিঠির ভাষা নিয়ে আপত্তি জানান এবং এই চিঠিকে উদ্দেশ্য প্রণোদিত হিসাবে অভিহিত করেন।
ব্যারিস্টার বাদল বিকালে সাংবাদিকদের জানান, চিঠির ভাষা নিয়ে বিপত্তি দেখা দিলেও তার অবসান হয়েছে। সাবেক সম্পাদকদের বৈঠকে চিঠির ভাষা সংশোধন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সবার কাছে নতুন চিঠি পৌঁছে দেওয়া হবে।
সংবিধান ছুড়ে ফেলার বক্তব্য নিয়ে মুফতি আমিনীর বিরুদ্ধে মামলার শুনানিতে আদালত প্রসঙ্গক্রমে খালেদা জিয়ার একই ধরনের বক্তব্য তুলে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে মঙ্গলবার হাইকোর্টে হট্টগোল ও আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়।
ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ তুলে পুলিশ বিএনপি সমর্থক ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদ আলী নামের একজন আইনজীবী গ্রেপ্তার এড়াতে বার সভাপতির কক্ষে আশ্রয় নেন।
আলী এখনও সভাপতির কক্ষে
আইনজীবী মোহাম্মদ আলী এখনও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাত থেকেই তিনি সেখানে রয়েছেন।
বিকালে তিনি সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার করা হলে আমার ওপর নির্যাতন হতে পারে। এজন্য আমি আতঙ্কে রয়েছি।
পুলিশের ওপর হামলার অভিযোগ আবারও অস্বীকার করে তিনি বলেন, আমি বরং পুলিশ কর্মকর্তাকে বাঁচানোর চেষ্টা করেছি।
সমিতির সাবেক সম্পাদকদের বৈঠক
উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আইনজীবী সমিতির বিএনপি সমর্থক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল শনিবার ফোনে সমিতির সাবেক সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করেন।
তার আহ্বানে সাড়া দিয়ে সমিতির সম্মেলন কক্ষে আলোচনায় যোগ দেন সাবেক ১০ সম্পাদক। তারা হলেন জয়নুল আবেদীন, নুরুল ইসলাম সুজন, শ ম রেজাউল করিম, এএম আমিনউদ্দিন, এস এম মুনীর, সাইদুর রহমান, গিয়াসউদ্দিন, মমতাজ উদ্দিন ফকির, মাহবুব আলী ও বশীর আহমেদ।
ব্যারিস্টার বাদল বলেন, সঙ্কট সমাধানে জ্যেষ্ঠ আইনজীবীরা আলোচনায় বসতে যাচ্ছেন। এই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আর কোন আইনজীবীকে যাতে গ্রেপ্তার করা না হয়, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, বৈঠকে ব্যারিস্টার বাদল সঙ্কট সমাধানে পরামর্শ চান। আমরা পরামর্শ দিয়েছি এবং বলেছি, বিশৃঙ্খলাকারী আইনজীবীরা অনুতপ্ত কি-না, বাদল সে বিষয়টি ওই আইনজীবীদের কাছে জানার চেষ্টা করবেন।
রেজাউল করিম বলেন, বিশৃঙ্খলাকারীরা যদি অনুতপ্ত হন, তাহলে তারা রোববার জ্যেষ্ঠ আইনজীবীদের বৈঠকে এসে অনুশোচনা প্রকাশ করবেন। তারা যদি নিজে থেকে এসে এটা করেন এবং তা আদালতে উত্থাপন করার জন্য আমাদের কাছে অনুরোধ জানান, তাহলে আমরা তাদেরকে নিয়ে যে আদালতে সমস্যার শুরু সেই আদালতে যাবো।
তাদের অনুশোচনার কথা আদালতকে জানিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। ওই আদালতে বিষয়টির সমাধান হলে তারপর মামলার বিষয়গুলো দেখা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/২২৪০ ঘ.
bdnews24