ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরা রাজ্যের রাজমাতা বিভূকুমারী দেবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
সফররত বিভূকুমারী দেবী শনিবার দুপুরে গণভবণে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে তখন তার মেয়ে সায়মা হোসেনও ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ত্রিপুরার রাজমাতা প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। নারী ক্ষমতায়ন, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে উন্নতির ভূয়সী প্রশংসা করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথা উল্লেখ করে ত্রিপুরার রাজমাতা বলেন, বঙ্গবন্ধুর ভাষণগুলো এখনো মানুষকে উজ্জ্বীবিত করে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বাংলাদেশের আগ্রহের কথা ত্রিপুরার রাজমাতার কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় ভারতসহ ত্রিপুরার জনগণের সাহায্য ও সহযোগিতাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
এ সাক্ষাৎ অনুষ্ঠানে আবুল কালাম আজাদ ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24