মৌলভীবাজার, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলার মধুরবাজারে শুক্রবার রাতে দু'দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এ সময় বাজারে তিনটি দোকানে অগ্নিসংযোগ ও ১৭টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন অপু মিয়া, সুজা মিয়া, রোকন মিয়া, কালু মিয়া, রোশন মিয়া, এরশাদ মিয়া, মাদাই মিয়া, আরজিনা বেগম, জামাল মিয়া, রাসেল মিয়া, তাজমহল বেগম ও সুহিন মিয়া। বাকিদের নাম জানা যায়নি। ০
তাদের রাজনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিহির কান্তি দাশ মঞ্জু ও পরাজিত প্রার্থী সামসুন নূর আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব বিরোধের জেরে সন্ধ্যার পর থেকে মঞ্জু ও আজাদের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাড় সাড়ে ৯টার দিকে মঞ্জু ও তার ভাতিজা জগদীশের মনোহারী দোকান ও একটি দর্জি দোকানে অগ্নিসংযোগ এবং অপর ১৭টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়।
পরে স্থানীয় দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৪ ঘ.
bdnews24