ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়ি বিষয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
ওই বাড়ির দখলে থাকা ইমাম গাযযালি ইনস্টিটিউটের এক আবেদনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে ওই বাড়ির জমি নিয়ে হাইকোর্টে দুই বেঞ্চের দুটি রুল নিষ্পত্তি করতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চকে নির্দেশ দেওয়া হয়।
সুচিত্রা সেনের পৈত্রিক ভিটা সাত দিনের মধ্যে দখলমুক্ত করতে পাবনার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং পাবনা সদর থানার ওসিকে গত ২৬ জুলাই নির্দেশ দেয় আদালত।
গাযযালি ইনস্টিটিউটের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ওই সম্পত্তি থেকে ইনস্টিটিউটকে উচ্ছেদের জন্য ২০০৯ সালের ২২ জুন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নোটিস দেন। এই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে একই বছরের ৭ জুলাই হাইকোর্ট ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করে।
"ওই স্থগিতাদেশ বহাল ও রুল বিচারাধীন থাকা অবস্থায় গত ২৬ জুলাই হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অন্য একটি রিট করা হলে নতুন নির্দেশনা আসে।"
গত ১৩ জুলাই দৈনিক সকালের খবরে সুচিত্রার বাড়ি নিয়ে 'জামায়াতের কবল থেকে মুক্ত হচ্ছে না সুচিত্রার বাড়ি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
এতে বলা হয়, উপমহাদেশের প্রখ্যাত অভিনয় শিল্পী সুচিত্রা দেশভাগের আগে ওই বাড়িতে থাকতেন। এখানে তার শৈশব ও কৈশোরের অনেক সময় কেটেছে। তিনি এখানকার পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তেন।
সুচিত্রা পরিবারসহ ভারতে চলে যাওয়র পর বাড়িটি অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত হয় এবং এখানে কিছুদিন সরকারি লোকজন বসবাস করতেন। পরে ১৯৮৭ সালে জামায়াতে ইসলামী পরিচালিত ইমাম গাযযালি ইনস্টিটিউট ওই বাড়ির জমি ইজারা নেয় বলে প্রতিবেদনে বলা হয়।
পরে ওই ইনস্টিটিউটের এক আবেদনে অর্পিত সম্পত্তি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ জমি ইনস্টিটিউটের অনুকূলে অব্যাহত বন্দোবস্ত দেওয়া হয়। সেই থেকে বাড়িটি তাদের দখলে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১০৯ ঘ.
bdnews24