২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃময়না তদন্তের জন্য চাঁদপুরে কবর থেকে লাশ উত্তোলন

পুনঃময়না তদন্তের জন্য চাঁদপুর সদর উপজেলায় কবর থেকে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

চাঁদপুর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনঃময়না তদন্তের জন্য চাঁদপুর সদর উপজেলায় কবর থেকে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। ফারজানা আক্তার বিথী (২০) নামের ওই গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে বিথীর বাবা অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে আদালতের আদেশে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামে কবর থেকে লাশ তোলা হয়। সকদি পাঁচগাঁও গ্রামের জহির খানের মেয়ে বিথী গত ১৫ জুলাই মারা যান। ওই দিনই জহির খান মেয়ে বিথীর ননদ তসলিমার স্বামী রুস্তমকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগে বলা হয়েছে দুইবোন ও এক ভাইয়ের মধ্যে বিথী ছিলো সবার বড়। পাঁচ বছর আগে একই ইউনিয়নের দাসেরগাঁও এলাকার দুবাই প্রবাসী নুরে আলমের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী দুবাই থাকায় ননদ তসলিমার স্বামী রুস্তম তার সঙ্গে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিথী বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর কথা বললে রুস্তম তাকে গলা চেপে হত্যা করে। বিথীর ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশে পুনঃময়না তদন্তের জন্য লাশ কবর থেকে তোলা হয়েছে। বিথীর মা আমেনা বেগম বলেন, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২০৫৩ ঘ.