সুনামগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগের উপজেলা শাখার সম্মেলনে চাহিদা মতো চাঁদা না দেওয়ায় সুনামগঞ্জের দিরাইয়ে ভূমি অফিসে যুবলীগ নেতা-কর্মীরা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় এক কর্মীকে পিটিয়েছে তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। এসময় যুবলীগ নেতা-কর্মীরা সার্ভেয়ার ইকবাল হোসেনকে প্রহার করে।
সার্ভেয়ার ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, সম্মেলন উপলক্ষে কয়েকদিন আগে উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়, মকসুদ মিয়াসহ কয়েকজন অফিসে এসে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
বৃহস্পতিবার দুপুরে এসে চাহিদা মতো চাঁদার টাকা না পেয়ে তারা ক্ষিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অফিসে ভাংচুর চালায়। এ সময় তারা তাকে মারধর করে বলে অভিযোগ করেন সার্ভেয়ার ইকবাল।
দিরাই থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, ভূমি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল হক জানান, ভূমি অফিসের কর্মকর্তারা ভাংচুর ও মারধরের বিষয়টি তাকে জানিয়েছেন।
এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।
দিরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায় বলেন, যুবলীগ কর্মী মকসুদ মিয়ার সাথে সার্ভেয়ার ইকবাল হোসেনের টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়েছে। যুবলীগের সম্মেলনের জন্য কেউ চাঁদা চাইতে যায়নি বলে দাবি করেন রঞ্জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩৪ ঘ.
bdnews24