২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

খাগড়াছড়ি, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীর পরিবার ও পুলিশ জানায়, বুধবার বিকেলে মানিকছড়ি উপজেলার রিছাং ঝর্ণার পাশে এক নির্জন জঙ্গলে কিশোরীটি গণধর্ষণের শিকার হয়। কিশোরীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মেয়ে বুধবার সকালে উপজেলায় হাতিমুড়া মড়াদুলার বাড়ি থেকে বের হয়ে মামার বাড়ি গুইমারা বাজারে যায়। বাজারে যাওয়ার পর পূর্ব পরিচিত শংকর চন্দ্র শীল তাকে রিছাং ঝর্ণায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়। শংকর মোটর সাইকেলে যাত্রী পরিবহন করে। কিশোরীটি শংকরের মোটর সাইকেলে চড়ে রিছাং ঝর্ণায় বেড়াতে যায়। কিশোরী মেয়েটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ঝর্ণার কাছে পৌঁছে শংকর তার আরো দুই বন্ধু মো. ফেন্দা মিয়া (৩০) ও আশীষ পালকে (২৩) সেখানে ডেকে আনে। পরে এক পর্যায়ে তাকে জোর করে ঝর্ণার পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। তার চিৎকার শুনে কয়েকজন পাহাড়ি যুবক এগিয়ে এসে তাকে উদ্ধার করে। যুবকরা শংকরকে হাতেনাতে ধরে ফেলে। অন্য দুজন পালিয়ে যায় বলে মেয়েটি জানায়। মাটিরাঙা থানার ওসি মিজানুর রহমান জানান, শংকর ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে মেয়েটির ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। অপর দুই অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মেয়েটিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান ওসি। মড়াদুলা পাড়া কার্ব্বারী চাইহলা প্র" অভিযোগ করে বলেন, বেড়াতে নেওয়ার নাম করে পরিকল্পিতভাবে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৬ ঘ.