চট্টগ্রাম, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের বাজার তদারক দলের দুটি টিম নগরীর স্টিল মিল এবং পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুকিতুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের অপরাধে মুন বেকারিকে ২০ হাজার টাকা এবং আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে পাহাড়তলী এলাকায় জেলা নির্বাহী হাকিম কাজী আব্দুর রহমান অভিযান চালিয়ে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি করার অপরাধে দুটি মাংসের দোকানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
জেলা প্রশাসনের বাজার তদারক কমিটির ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র্যাব ও পুলিশ সহযোগিতা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/১৮১৫ ঘ.
bdnews24