ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহরণের সাড়ে সাত মাস পর মুক্ত পাঁচ বাংলাদেশি আগামী রোববার সকালে দেশে ফিরছেন।
উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান কাবুলে পাঁচ বাংলাদেশিকে বিমানে তুলে দেবেন।
এমিরেটসের ওই বিমান রোববার সকাল পৌনে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শামীম আহসান জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ বাংলাদেশির যাতায়াত ব্যয় তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানই বহন করছে।
গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি পাঁচ বাংলাদেশির মুক্তির খবর জানিয়ে বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে তারা দেশে ফিরবেন।
মুক্তিপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের মো. আমিনুল ইসলাম, মো. শফিকুল আলম ও মো. লাভলু রহমান, রাজশাহীর মাহবুব আলী এবং চট্টগ্রামের মো. ইমাম উদ্দিন।
এ পাঁচ জনসহ মোট সাত জনকে গত বছরের ১৭ ডিসেম্বর বলখ প্রদেশের মাজার-ই-শরীফ এলাকা থেকে তুলে নিয়ে যায় বন্দকুধারীরা। দুদিন পর ছাড়া পান দুজন।
অপহরণকারীদের হামলায় কাজী আলতাফ হোসেন নামে এক জন বাংলাদেশি ক্রাশার ম্যাশিন অপরেটর তখন মারাও যান।
আফগানিস্তানের গোত্র প্রধানদের মধ্যস্থতায় ওই পাঁচ বাংলাদেশি মুক্তি পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৭০০ ঘ.
bdnews24