ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শনির আখড়ায় কাঁচামাল বিক্রেতা বাবার ভ্যানের সঙ্গে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাকিব (৭) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের মুন্সিনগর গ্রামের শাহ আলমের ছেলে।
সাকিবের বাবা শাহ আলম সাংবাদিকেদের জানান, কাঁচামাল ভরা ভ্যান গাড়িটি তিনি টানছিলেন। সাকিব তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় একটি ট্রাক পিছন থেকে এসে সাকিবকে ধাক্কা দিয়ে চলে যায়।
দুপুর ১২টার দিকে সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান সাকিব মারা গেছে।
ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাকিবের লাশ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন শাহ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/কেএমএস/১৫৫৯ ঘ.
bdnews24