চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বন্দর থানার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) মোড়ে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত হানিছা বেগম (২৫) সিয়াম গার্মেন্টসে কাজ করতেন। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার দক্ষিণ দুদুম গ্রামের জাফর আহমদের মেয়ে।
সিইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাওছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে সিইপিজেড মোড়ে রাস্তা পারাপারের সময় একটি সিটি বাস হানিছাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
হানিছাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক শাহাবুদ্দিন।
তবে দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ায় তা সনাক্ত করা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা কাওছার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/১৩০৫ ঘ.
bdnews24