শেখ শাহরিয়ার জামান
ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানাবে বাংলাদেশ।
বাংলাদেশ সম্পর্কিত প্রতিবেদনটিকে 'ভিত্তিহীন এবং মিথ্যাপূর্ণ' মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "আগামীকাল আমরা প্রতিবাদ পাঠাতে পারি।
"দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনার জন্য প্রতিবেদনটি লজ্জাজনক।"
ইকোনমিস্টের সর্বশেষ সংখ্যায় 'ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এম্ব্রেসেবল ইউ' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভূরাজনৈতিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে ভালো সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটি [দ্য ইকোনমিস্ট] বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এবং ২০০৮ সালের নিরপেক্ষ এবং নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনকে খাটো করেছে।'
"বাংলাদেশের বিরুদ্ধে একটা সূক্ষ্ম প্রচারণা চলছে বলে মনে হচ্ছে। কোনো মহল এর পেছনে থাকতে পারে।"
'জনগণও জানে তারাই নির্বাচিত করেছে'
ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, 'দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিন ঝামেলায় থাকা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ইতিবাচকতার দিকে উল্লেখযোগ্য মোড় নিয়েছে- যারা বাইরে আছে তাদের এটি খুব একটা চোখে পড়ছে না।
'ভারতীয় অর্থ এবং পরামর্শে ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ফুটতে শুরু করে।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এরা ভারত-বাংলাদেশের যে সুসম্পর্ক তৈরি হচ্ছে সেটাকে কটাক্ষ করছে।"
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "কোনো দেশের কাছ থেকে অর্থ বা পরামর্শ পেয়ে যে সরকার নির্বাচিত হয়নি তা জনগণ জানে। বরং জনগণই সরকার গঠনের জন্য [আমাদের] নির্বাচিত করেছিলো।"
তাই বাংলাদেশের জনগণও এ প্রতিবেদন প্রত্যাখ্যান করবে- বলেন দীপু মনি।
"একটি গোষ্ঠী ১৯৭১, ১৯৭৫ সালের হত্যাকাণ্ড এবং ২১ অগাস্টের গ্রেনেড হামলায় জড়িতদের রক্ষার চেষ্টা করছে। যারা সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে তাদেরও রক্ষার চেষ্টা করছে গোষ্ঠীটি।"
পত্রিকাটি 'তাদের' মুখপত্র হিসেবে কাজ করছে- মন্তব্য করে দীপু মনি বলেন, "এটি বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে।"
বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে দ্য ইকোনমিস্ট সূক্ষ্ম আন্তর্জাতিক প্রচারণা চালাচ্ছে।
সা
bdnews24