২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনা তদন্তে ২ কমিটি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনা তদন্তে জেলা ও পুলিশ প্রশাসন পৃথক দুটি কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নরসিংদী, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে সড়ক দুর্ঘটনা তদন্তে জেলা ও পুলিশ প্রশাসন পৃথক দুটি কমিটি গঠন করেছে। এছাড়া স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরী আমতলায় দু'টি বাসের মুখোমুখি সংর্ঘষে ১৬ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৫০ জন। নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ওবায়দুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ঘটনা তদন্তে নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিনকে প্রধান করে এক সদস্যের একটি কমিটি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সংক্রান্ত সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বিজয় বসাককে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলে বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক নূর হোসেন, সিলেট হাইওয়ে জোনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ এবং শিবপুর সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাদের হোসেন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান জানান, আহত সবাই প্রাথমিক চিকিৎসা শেষে সোমবার বিকালেই হাসপাতাল ছেড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২৩২০ ঘ.