ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক মদন মোহনকে গ্রেপ্তার ও তার শাস্তির দাবিতে হরতাল ডাকার হুমকি দিয়েছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।
হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটাক্ষ করার অভিযোগে ধানমণ্ডি সরকারি বালক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মদন মোহন দাসকে গত মঙ্গলবার সাময়িক বরখাস্ত করে সরকার।
বুধবার রাজধানীর লালবাগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে কমিটির ঢাকা মহানগর শাখার নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে আমিনী বলেন, "বাংলাদেশ এখন ইসলাম দুশমনদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এর অংশ হিসেবে ধানমণ্ডি সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক মদন মোহন দাস হযরত মোহাম্মদ (সা.) এবং হজ নিয়ে কটুক্তি করেছে।"
এদেশের মুসলমানরা নবীর সম্মান রক্ষার জন্য প্রয়োজনে রমজানেই হরতাল পালন করতে প্রস্তুত- এমন মন্তব্য করে তিনি বলেন, "আগামী রোববারের মধ্যে ওই শিক্ষককে গ্রেপ্তার করা না হলে ওইদিনই কঠোর কর্মসূচিসহ হরতালের ডাক দেওয়া হবে।"
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী বলেন, "এখন যে ভয়াবহ খেলা বাংলাদেশে চলছে তার প্রধান ইন্ধনদাতা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার।"
এই সরকার ইসলামকে ধ্বংস করার জন্যে প্রকাশ্যে কাজ করছে মন্তব্য করে তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২০২১ ঘ.
bdnews24