ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপারিশের পরও যুব উন্নয়ন অধিদপ্তরের শূন্য পদে লোক নিয়োগ করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবারের বৈঠকে এ অসন্তোষ প্রকাশ করে আগামী সাত দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি মো. জাহিদ আহ্সান রাসেল বৈঠকে সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের জনবল নিয়োগ নিয়মাবলী সংক্রান্ত জটিলতা খতিয়ে দেখে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কমিটি'র সদস্য মাহাবুব আরা গিনিকে আহবায়ক এবং মো. আমজাদ হোসেন ও মো. শফিকুল আজম খাঁন কে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট সাব-কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার, সামশুল হক চৌধুরী, মো. আমজাদ হোসেন, মাহাবুব আরা গিনি, মো. শফিকুল আজম খাঁন এবং তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) বৈঠকে অংশ নেন।
বৈঠকে বিভিন্ন সময়ে জমে থাকা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের ৮০ শতাংশ সনদপত্র বিতরণ করতে পারায় সন্তোষ প্রকাশ করা হয়। বিভিন্ন উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের শেষের দিনই ওইসব এলাকার সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণের সুপারিশ করা হয়।
এছাড়া বৈঠকে দেশের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে স্টেডিয়াম/জিমনেসিয়াম নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে ২০টি উপজেলায় স্টেডিয়াম/জিমনেসিয়াম নির্মাণের বরাদ্দ চেয়ে অনুমোদনের জন্য একনেকে পাঠানোর সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮২৬ ঘ.
bdnews24