ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনীর মন্তব্য নিয়ে শুনানিতে হাইকোর্টে 'হাতাহাতি, বিশৃঙ্খলা ও অমর্যাদাকর আচরণের' ঘটনায় ১৩ আইনজীবীকে কাজ থেকে বিরত থাকতে বলেছে আদালত।
এ বিষয়ে একটি রুল জারি করে এর নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের আদালতে প্রবেশ করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদালত বলেছে, কোনো মামলার আসামি হলে তবেই তারা আদালতে প্রবেশ করতে পারবে।
সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানির সময় আদালতে মঙ্গলবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একই ধরনের মন্তব্যের প্রসঙ্গ উঠলে বিএনপি সমর্থক আইনজীবীরা হৈ চৈ শুরু করেন। এ সময় সরকার সমর্থক আইনজীবীদের সঙ্গে তাদের হাতাহাতিও হয়।
এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।
ওই ১৩ আইনজীবীর আইনপেশার সনদ কেন বাতিল করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই রুলের মাধ্যমে ১৪ অগাস্টের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ও বিবাদিদের তা জানাতে বলেছে আদালত।
পাশাপাশি রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ১৩ আইনজীবীকে পেশাগত কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিবাদিরা হলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আফিফা আশরাফী পাপিয়া, কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দীন আহম্মেদ, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, এম ইউ আহম্মেদ, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম, গোলাম নবী ও রেজোয়ান আহম্মেদ।
আদালতের এই নির্দেশনার অনুলিপি দেশের সব আইনজীবী সমিতি ও সব আদালতে সরবরাহ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
এদিকে আমিনীর বিষয়ে শুনানিতে হাইকোর্টে হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানা পুলিশ বিএনপি সমর্থক আইনজীবীদের আসামি করে একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৭৪০ ঘ.
bdnews24