ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে অটো রিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার জন।
বুধবার দুপুর ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বাওয়ার বিটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওলিউল্লাহ (৫৫) ও মো.ফয়সাল (৪)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
হতাহতরা অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামীম পরিবহনের যাত্রীবাহী বাসটি পিরোজপুর থেকে ঢাকায় আসছিলো। আর আবদুল্লাপুর থেকে অটোরিকশাটি রুহিতপুর যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
আহত চার জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর করেছে তবে চালক ও তার সহকারী পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭৪৬ ঘ.
bdnews24