২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ কাগজ সম্পাদক ফের রিমান্ডে

একটি মামলায় দুদিন জিজ্ঞাসাবাদের পর অন্য মামলায়ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক মো. একরামুল হককে দুদিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মামলায় দুদিন জিজ্ঞাসাবাদের পর অন্য মামলায়ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক মো. একরামুল হককে দুদিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। বুধবার ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ সাইফুর রহমান এ আদেশ দেন। একরামুলের পক্ষে জামিন চাওয়া হলে সে আবেদনও নাকচ হয়। গত সোমবার শাহবাগ থানায় চাঁদাবাজির এ মামলাটি করেন সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতের আবেদন করেছিলেন। তবে তিন দিন কম পেয়েছেন। কলাবাগান থানায় চাঁদাবাজির একটি মামলার পর শীর্ষ কাগজের সম্পাদক একরামুলকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করা হয়। এ মামলায় তাকে দুদিন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, গত ৩ জুলাই বাদির কাছে দাবি করা ১০ লাখ টাকা চাইতে সচিবালয়ে যান একরামুল। তাকে না পেয়ে অন্য একজনের কাছে বলে যান যে ওইদিন রাতের মধ্যে দাবি করা টাকা না দিলে এমদাদুলকে মেরে ফেলা হবে। গ্রেপ্তারের পর গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে আরো একটি মামলা হয় একরামুলের বিরুদ্ধে। ওই মামলায় তার স্ত্রী মাহবুবা হকও আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৭১০ ঘ.