ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে সমাবেশ থেকে বিএনপি অভিযোগ করেছে, ঘটনাটি সরকার ধামাচাপা দিতে চাইছে।
গত সোমবার লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়িবহরে হামলা হয়। এর প্রতিবাদে বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, ঘটনাটি তদন্ত করা হবে।
লক্ষ্মীপুরের ওই হামলাকে পূর্বপরিকল্পিত দাবি করে বিএনপি বলে আসছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহেরই এর জন্য দায়ী। অন্যদিকে লক্ষ্মীপুর আওয়ামী লীগের দাবি, হামলার ঘটনাটি 'সাজানো'।
লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরের বাড়ির সামনে সন্ত্রাসী হামলায় পড়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়িবহর। লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যামামলায় তাহেরের ছেলে এএইচএ বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে দলের জেলা শাখার এক সভায় গিয়েছিলেন ফখরুল।
বুধবার দুপুরে নয়া পল্টনে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "এত বড় ঘটনাকে সরকারি দল সাজানো নাটক বলে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। তাদের এহেন আচরণের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। কারণ লক্ষ্মীপুরে কেবল বিএনপির নেতা-কর্মীরাই নন, সাংবাদিকরাও তাদের (আওয়ামী লীগ) লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।"
"সরকার অসহিষ্ণু হয়ে উঠেছে। প্রধান বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিব একটি প্রতিবাদ সমাবেশ করবেন, এটাও তারা সহ্য করতে পারছে না", বলেন তিনি।
লক্ষ্মীপুরের হামলায় জড়িতদের শাস্তি দাবি করার সঙ্গে নজরুল বলেন, খুনের মামলায় ফাঁসির আসামিরা মাফ পেলে সন্ত্রাস আরো বাড়বে।
সমাবেশের পর নয়া পল্টন থেকে মিছিল বের করে বিএনপি, তা বিজয়নগরের পানি ট্যাংকের কাছে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, ফজুলল হক মিলন, এম ইলিয়াস আলী, গোলাম আকবর খন্দকার, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, মোরতাজুল করীম বাদরু, হাবিবউন নবী খান সোহেল, শরফত আলী সপু, শিরিন সুলতানা প্রমুখ।
দলীয় নেতার গাড়িবহরে হামলার প্রতিবাদে প্রায় সব জেলায়ই বিএনপির বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে।
বিকালে নগরীর নাসিমন ভবনে মহানগর বিএনপি সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান। বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, যুবদল নেতা কাজী বেলাল, নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর নুর আহমদ সড়ক, লাভ লেইন, কাজীর দেউরী মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে শেষ হয়।
সিলেটে কোর্ট পয়েন্টে সমাবেশের পর মিছিল করে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24