বান্দরবান, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে মারমা নৃ-গোষ্ঠীর এক পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. মুসাকে (২০) দুদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী আক্কাসের আদালতে পুলিশ মুসার সাত দিনের হেফাজত (রিমান্ড) চাইলে আদালত দুই দিন অনুমোদন করে।
জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বেতঝিড়ি (নোয়াপড়া) এলাকায় নিহত রামুচিং মারমার স্বামী মংসামং মারমা বাদি হয়ে মামলা করলে আটক মুসাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় সোমবার।
তিন মারমা সদস্যকে হত্যার প্রতিবাদ ও মুসার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সোমবার লামা ও রোয়াংছড়ি উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
শনিবার দুপুর ১২টার দিকে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বেতঝিড়ি (নোয়াপাড়া) এলাকায় মংছাউ মারমা (৬৫), তার মেয়ে রামুচিং মারমা (৩৬) ও রামুচিংয়ের ছেলে মংনুচিং মারমাকে (৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মুসা।
নিহত রামুচিংয়ের মেয়ে উমাচিং চিৎকার করলে আশেপাশের লোকজন এসে মুসাকে আটক করে পুলিশে সোপর্দ করে। মুসা মুসলিমপাড়ার মো. শাহজাহান কারবারীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩২৬ ঘ.
bdnews24