ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় বিচারের মুখোমুখি হওয়া বিষয়ে তারেক রহমানসহ পলাতক ১২ আসামিকে অবহিত করতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে আদালত।
সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালতের সাধারণ নিবন্ধক পুলিশের উপ-পরিদর্শক আব্দুর গাফফার।
জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন সোমবার আদালতে উপস্থাপন করা হলে এ নির্দেশ দেন কেশব।
গাফফার বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৩ অগাস্ট মামলার শুনানিতে নির্ধারিত হবে।
২১ অগাস্ট গ্রেনেড হামলার হত্যামামলায় খালেদা জিয়ার ছেলে তারেকসহ পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গত ৩ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মুখ্য মহানগর হাকিম আদালত। ১৮ জনের মধ্যে ছয় জন আদালতে আত্মসমর্পণ করেন।
এ মামলায় আসামির তালিকায় খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফও রয়েছেন।
গত ১০ জুলাই পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, ২১ অগাস্টের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করতে গিয়েও তারেক রহমানকে তার ঠিকানায় পাওয়া যায়নি। সেখানে তার কোনো ব্যক্তিগত অস্থাবর সম্পদ না পাওয়ায় মালামাল জব্দের (ক্রোক) পরোয়ানাও তামিল করা যায়নি।
এক ডজনেরও বেশি মামলার আসামি বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক তত্ত্বাবধায়ক সরকার আমলে জামিনে মুক্তির পর লন্ডনে যান।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলার ঘটনায় দলটির কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' লোক আহত হয়। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়।
আওয়ামী লীগ বলে আসছে, তারেক রহমানই ছিলেন ওই হামলার মূল পরিকল্পনাকারী।
অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় ফাঁসানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৫৫ ঘ.
bdnews24